বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের ঘোষণা পাকিস্তানের
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি খেলবে না পাকিস্তান। পাকিস্তান সরকারের অফিসিয়াল ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়, সরকার পাকিস্তান ক্রিকেট দলকে বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কা সফরের অনুমতি দিয়েছে। তবে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে অনুষ্ঠিতব্য ম্যাচে পাকিস্তান দল অংশ নেবে না। খবর জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।
রোববার সন্ধ্যায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভির মধ্যে এক বৈঠকের পর এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। যদিও এই সিদ্ধান্তের পেছনে নির্দিষ্ট কোনো কারণ সরকারিভাবে জানানো হয়নি। প্রতিবেদন লেখা পর্যন্ত পিসিবির পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই পিসিবি চেয়ারম্যান নকভি আইসিসির সমালোচনায় সরব হন। তার দাবি ছিল, বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে।
চলতি সপ্তাহের শুরুতে প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করে নকভি জানিয়েছিলেন, বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ৩০ জানুয়ারি অথবা ২ ফেব্রুয়ারি নেওয়া হবে। তবে নির্ধারিত সময়ের আগেই বড় চমক দিয়ে ঘোষণা আসে—ভারতের বিপক্ষে বহুল আলোচিত ম্যাচটি বর্জন করছে পাকিস্তান।
সরকারের অফিসিয়াল ঘোষণায় বলা হয়, ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তান সরকার পাকিস্তান ক্রিকেট দলকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের অনুমোদন দিচ্ছে, তবে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে নির্ধারিত ম্যাচে দলটি মাঠে নামবে না।
পাকিস্তানি গণমাধ্যমের তথ্যমতে, প্রধানমন্ত্রী ও নকভির মধ্যকার বৈঠকটি ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হয়। এর আগেই বিশ্বকাপের জন্য পাকিস্তান দলের জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত করা হয়। জানানো হয়েছিল, দলের অংশগ্রহণ সংক্রান্ত সিদ্ধান্ত ঘোষণার পরই জার্সি উন্মোচন করা হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান রয়েছে ‘গ্রুপ এ’-তে, যেখানে তাদের প্রতিপক্ষ ভারত, নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র। সালমান আলী আঘার নেতৃত্বে পাকিস্তান দল বিশ্বকাপের উদ্বোধনী দিনে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করবে।
