National

দেশে এসেছে তিন লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণের অংশ হিসেবে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধিত প্রবাসী ভোটারদের পাঠানো পোস্টাল ব্যালটের মধ্যে ৩ লাখ ২৬ হাজার ২০টি ব্যালট ইতোমধ্যে দেশে এসে পৌঁছেছে

বুধবার (৪ ফেব্রুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম সংশ্লিষ্ট ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা প্রবাসী ভোটারদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট পৌঁছেছে

এর মধ্যে ৫ লাখ ২৪ হাজার ৮৬৯ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। ব্যালট গ্রহণকারীদের মধ্য থেকে ৪ লাখ ৭২ হাজার ৪১০ জন ভোটার ইতোমধ্যে ভোট প্রদান সম্পন্ন করেছেন

এছাড়া, ভোট প্রদান শেষে ৪ লাখ ৩১ হাজার ৭৪৮ জন প্রবাসী ভোটার নিজ নিজ দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে তাদের ব্যালট জমা দিয়েছেন।

এ পর্যন্ত প্রবাসীদের পাঠানো ব্যালটগুলোর মধ্যে ৪১ হাজার ১৭৮টি ব্যালট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন বলে জানান তিনি।

এদিকে, বিদেশে অবস্থানরত ভোটারদের পাশাপাশি দেশের অভ্যন্তরে অবস্থানরত (আইসিপিভি) ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে সারাদেশে ৬ লাখ ৬২ হাজার ১৯১ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত দেশের ভেতরে অবস্থানরত ১ লাখ ৭০ হাজার ৯৮৯ জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ১ লাখ ৩১ হাজার ৬৯১ জন ভোটার ভোট প্রদান সম্পন্ন করেছেন এবং ১ লাখ ৪ হাজার ১৬৫ জন ভোটার তাদের ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন

সালীম আহমাদ খান আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য দেশ ও প্রবাস মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *